রুপার বাজারের আসল খেলা: আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করছেন?

 রুপার বাজার নিয়ে আমরা যা দেখি, তার আড়ালে চলে এক বিশাল দাবার ঘুঁটি চাল। আপনি কি জানেন, রুপার ট্রেডিং আসলে দুই দুনিয়ার গল্প? এক দুনিয়ায় আছে আসল রুপার ঝনঝনানি, আর অন্য দুনিয়ায় কেবল কাগজের খেলা। এই দুটোর পার্থক্য না বুঝলে যেকোনো সময় আপনার পকেট খালি হয়ে যেতে পারে!

শুরুতেই বলি ফিজিক্যাল মার্কেটের কথা। এটি হলো বাস্তবের দুনিয়া। আপনি রুপার বার বা কয়েন কিনলেন, নিজের সিন্দুকে রাখলেন! ব্যস, আপনিই এটার মালিক। এখানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই। বাজারে রুপার জোগান কতটুকু আর মানুষের চাহিদা কত, তার ওপর ভিত্তি করেই এই মার্কেটের দাম বাড়ে বা কমে। সোজা সাপটা হিসাব, কোনো মারপ্যাঁচ নেই।
কিন্তু আসল খেলাটা শুরু হয় পেপার মার্কেটে, যা চলে মূলত ‘ফিউচারস কন্ট্রাক্ট’ দিয়ে। এখানে আপনি রুপা ছোঁবেন না, শুধু একটা কাগজ বা চুক্তি কিনবেন যে ভবিষ্যতে আপনি রুপা পাবেন। মজার ব্যাপার হলো, এখানে চলে লিভারেজের ম্যাজিক! আপনার পকেটে মাত্র ১০ টাকা থাকলে আপনি ১০০ টাকার রুপা নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ মাত্র ১০% পুঁজি দিয়েই আপনি বড় খেলোয়াড় হতে পারেন। কিন্তু এই সুবিধাটাই অনেক সময় ফাঁদ হয়ে দাঁড়ায়।
কেন এই ফাঁদ? কারণ, এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় নিয়মের বলদলে দিতে পারে। মনে করুন, হুট করে তারা বলে বসলো যে ১০% নয়, এখন থেকে ৪০% টাকা জমা রাখতে হবে। তখন কী হবে? যারা ১০ টাকা দিয়ে খেলছিলেন, তাদের কাছে অতিরিক্ত ৩০ টাকা না থাকলে তারা বাধ্য হয়ে তাদের চুক্তি বিক্রি করে দেবেন। আর এখানেই শুরু হয় আসল বিপর্যয়।
গত শুক্রবার ঠিক এই নাটকটাই ঘটেছিল। দাম যখন শিখরে, তখন ট্রেডাররা তাদের সবটুকু ক্ষমতা দিয়ে বাজি ধরেছিলেন। কিন্তু হঠাৎ যখন জামানতের পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, তখন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাড়তি টাকা দিতে না পেরে সবাই একসাথে বিক্রি করতে শুরু করলেন। ফলাফল? একজনের বিক্রি করা দেখে দাম কমল, সেই দাম কমাতে আরও অনেকের মার্জিন শেষ হয়ে গেল, আর এভাবেই চলল বিক্রির এক বিশাল মহোৎসব! একেই বলে ‘ফোর্সড লিকুইডেশন’।
সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? যখন এই কাগজের বাজারে রুপার দাম হুড়মুড় করে ৩৫% পড়ে যাচ্ছিল, তখন সাংহাইয়ের ফিজিক্যাল মার্কেটে মানুষ একেকটি কয়েন কিনতে কাগজের দামের চেয়েও ৪০ ডলার বেশি দিতে রাজি ছিল! কারণ একটাই কাগজ ছিঁড়ে ফেলা যায়, ম্যানিপুলেট করা যায়, কিন্তু মাটির নিচ থেকে তো আর জাদুর মতো রাতারাতি টন টন রুপা বের করে আনা সম্ভব না।
তাই রুপার বাজারে টিকে থাকতে হলে আপনাকে বুঝতে হবে, আপনি কি কেবল কাগজের নৌকা বাইছেন, নাকি শক্ত মাটিতে দাঁড়িয়ে আসল ধাতুর মালিক হচ্ছেন? দিনশেষে, ‘পেপার মার্কেট’ হয়তো দাম নিয়ন্ত্রণ করে, কিন্তু ‘ফিজিক্যাল মার্কেট’ নিয়ন্ত্রণ করে বাস্তবতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.