গোল্ড কিনে কারা লস খায় জানেন?
সোজা করে বললে গোল্ডে লোকসান তাদেরই হয় যাদের মাথা ঠান্ডা থাকে না, আর যারা চারপাশের গুজব আর কথাবার্তা শুনে সিদ্ধান্ত নেন। ধরুন হঠাৎ চারদিকে শোনা যাচ্ছে, সোনার দাম বাড়তেছে, এখন না কিনলে পরে আফসোস করতে হবে। এই কথাটা শুনেই বেশিরভাগ মানুষ চিন্তা না করেই ঢুকে পড়ে। অথচ বাস্তবতা হলো, ঠিক এই সময়েই বাজার প্রায় সর্বোচ্চ জায়গায় থাকে। আপনি যখন কিনলেন, তখন আর দাম আগের মতো দৌড়ায় না। একটু থামে, তারপর আস্তে আস্তে নামতে শুরু করে। তখন নিজের মনকেই নিজে বোঝাতে থাকেন, আরেকটু অপেক্ষা করি, আবার উঠবে মনে হয়। কিন্তু বেশিরভাগ সময় সেই আশা আর বাস্তব হয় না, আর আপনি একটা জায়গায় আটকে যান।
আরেক শ্রেণির মানুষ আছেন, যারা অলংকার কিনে নিজেকে বোঝান যে ইনভেস্টমেন্ট করছেন। এই জায়গাটায় সবচেয়ে বেশি পাকনামি হয়। বালা, চেইন, নাকফুল কিনে মনে করেন সোনায় টাকা ঢালছেন। কিন্তু বাস্তবে মেকিং চার্জ, ভাঙালে কাটাকাটি, আবার বিক্রি করতে গেলে দোকানদারের নিজের হিসাব সব মিলিয়ে শেষে দেখা যায়, বাজারে দাম বাড়লেও আপনার হাতে সেই লাভটা আসে না। অলংকার আসলে দেখানোর জিনিস, নিরাপত্তার জন্য না। ইনভেস্টমেন্টের গোল্ড আর অলংকার এক জিনিস না।
তারপর আছে শর্ট টাইমে লাভ খোঁজা মানুষ। আজ কিনবো, কাল বেচবো, পরশু লাভ দেখবো, এই চিন্তাটা স্টক মার্কেটের জন্য হতে পারে, কিন্তু গোল্ডের জন্য না। গোল্ড এই তাড়াহুড়োর খেলায় চলে না। গোল্ড ধীরে হাঁটে, কিন্তু একবার দিক ধরলে পিছনে তাকায় না। যারা সবকিছু তাড়াতাড়ি চান, তাদের ধৈর্যটাই আগে শেষ হয়ে যায়, সোনা শেষ হয় না।
আরেকটা বড় ভুল করেন যারা, তারা সব টাকা একেবারে সোনায় ঢেলে দেন। ব্যাংকের ওপর বিশ্বাস নাই, সিস্টেম নিয়ে ভয় আছে এই ভয়টা অমূলক না। কিন্তু তাই বলে সব ডিম এক ঝুড়িতে রাখলে, ঝুড়ি উল্টে গেলে কিছুই হাতে থাকে না। গোল্ড রাখবেন, অবশ্যই রাখবেন, কিন্তু সবকিছু না। গোল্ড মাথার উপরে ছাতা, ঘরের ছাদ না।
আরো আছেন ইউটিউব আর ফেসবুক নির্ভর মানুষ। আজ একজন বলতেছে, সোনা আকাশে যাবে, কাল আরেকজন বলতেছে, বড় ধস নামবে। এইসব কথায় কান দিয়ে যারা আজ কেনে, কাল বেচে দেয়, তাদের হাতে শেষ পর্যন্ত সোনা থাকে না। থাকে শুধু এই আফসোসটা, যদি আরেকটু স্থির থাকতাম।
সবচেয়ে বেশি হতাশ হয় তারা, যারা ভাবে গোল্ড ধনী হওয়ার শর্টকাট। গোল্ড কখনোই এই প্রতিশ্রুতি দেয় না যে সে আপনাকে বড়লোক বানাবে। গোল্ড শুধু এই নিশ্চয়তা দেয়, যে আপনি যেন একদম শেষ হয়ে না যান। এই কথাটা যেদিন পরিষ্কারভাবে বোঝা যায়, সেদিন গোল্ড ঢাল হয়ে দাঁড়ায়। আর যেদিন ভুল বোঝা হয়, সেদিন এই সোনাই বোঝা মনে হয়।
শেষ কথা একটাই, গোল্ডে আসলে লোকসান হয় না। লোকসান হয় মানুষের চিন্তায়, সিদ্ধান্তে আর তাড়াহুড়োয়। ভুল সময়ে ঢুকলে, ভুল উদ্দেশ্যে রাখলে, আর অযথা আশা করলে তখন সবচেয়ে মূল্যবান জিনিসও ভারি লাগতে শুরু করে।
কোন মন্তব্য নেই